বৃহস্পতিবার নির্ধারিত হবে জিপির ভাগ্য

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৫১  
  বছরের শুরু থেকেই দেশের টেলিকম খাতে আলোচনার শীর্ষে রয়েছে গ্রামীণফোন ও রবি’র অডিট আপত্তি। আদালতের রায় মেনে ইতিমধ্যেই বিটিআরসি-কে প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছে রবি। তবে পাওনা পরিশোধে আদালতে গত ২৬ জানুয়ারি রিভিউ আবেদন করে গ্রামীণফোন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, বকেয়া পাওনার দুই হাজার কোটি টাকার বদলে ৫৭৫ কোটি টাকা সমান ১২ কিস্তিতে দিতে রাজি দেশের শীর্ষ এই অপারেটর। বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে অনুষ্ঠিত হবে শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এই শুনানি করবেন। আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস। তার সঙ্গে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরদিকে বিটিআরসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। সঙ্গে থাকবেন খন্দকার রেজা-ই-রাকিব। ওই শুনানির পর নির্ধারিত হবে গ্রামীণফোনের ভাগ্য। কেননা, সিদ্ধান্ত পুনঃবিবেচিত না হলে, সেক্ষেত্রে ২৩ ফেব্রুয়ারির মধ্যে গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। এর আগে পাওনা দাবি আদায়ে গত বছরের ২২ জুলাই অপারেটরটিকে সব রকমের অনুমোদন দেওয়া বন্ধ করে দেয় বিটিআরসি। এই আদেশ এখনো বিদ্যমান আছে।